সাতক্ষীরা প্রতিনিধি: ২ মে ২০২৬ , ৪:৫৪:২৬ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগরে সৈকত মুখার্জী (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শ্যামনগর সরকারি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার সকালে উপজেলার বংশীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সৈকত ওই গ্রামের অদিত্য মুখার্জীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান সৈকত। শনিবার সকালে পরিবারের সদস্যরা তার কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহতের বাবা অদিত্য মুখার্জী জানান, কয়েকদিন আগে পারিবারিক সিদ্ধান্তে তার ছেলের বিয়ে ঠিক করা হয়। শুক্রবার সন্ধ্যায় হবু কনেকে বাজার করিয়ে বাড়িতে পৌঁছে দেন সৈকত। পরে রাতে এক সহপাঠীর সঙ্গে মোবাইল ফোনে কথাকাটাকাটির ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, তার ছেলের সঙ্গে ওই সহপাঠীর পূর্বে সম্পর্ক ছিল বলে পরিবার জানত। সম্প্রতি সৈকতের বিয়ের দিনক্ষণ নির্ধারণ হওয়ায় মানসিক চাপ তৈরি হয়েছিল বলে তার ধারণা।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট সহপাঠী বা তার পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, ঘটনাটি প্রাথমিকভাবে অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














