সারাদেশ

শ্রীপুরে গড়াই নদীতে ডুবে অবসরপ্রাপ্ত শিক্ষক অজিত মাস্টারের মৃত্যু

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১:৫৪:৪৫ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুর উপজেলার দোরাননগর গ্রামে গড়াই নদীতে ডুবে অজিত মাস্টার (৭০) নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে অজিত মাস্টার প্রতিদিনের মতো পার্শ্ববর্তী গড়াই নদীতে গোসল করতে নামেন। কিছু সময় পর তিনি আর উঠে আসেননি। পরবর্তীতে একই স্থানে গোসল করতে নেমে গ্রামবাসী অমলেন্দু তাঁর লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার দেন। স্থানীয়রা ছুটে এসে লাশ উদ্ধার করে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করেন।

হঠাৎ এই মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দীর্ঘ শিক্ষকতা জীবনে অজিত মাস্টার এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content