প্রচ্ছদ

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

  শাহনেওয়াজ শাহ্ ৯ মার্চ ২০২৫ , ৪:১৬:৫০ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগে মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গাড়ি চালকরা।

শনিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে চালকরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রাতে মামলার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তার সজল জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন।

পুলিশ ও চালকরা জানান, সিঙ্গারবিল বাজার স্ট্যান্ড একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিএনজি চালিত অটোরিকশাগুলো পরিচালনা হয়ে আসছে। গত ২-৩ দিন ধরে টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তোলেন মোস্তফা মোহাম্মদ সজল নামে এক যুবক। তাকে ১০ হাজার টাকা না দিলে সংবাদ প্রকাশ করার হুমকি দেয়। শনিবার দুপুরে মোটরসাইকেলে এসে তিনি আবারও টাকা দেওয়ার কথা বলে হুমকি দেন। একপর্যায়ে সজলের কাছে কোন টেলিভিশনের সাংবাদিক জানতে চাইলে একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়৷

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রওশন আলী জানান, সিঙ্গারবিল বাজারে চাঁদাবাজি করতে এসে এক ভূয়া সাংবাদিক স্ট্যান্ডের লোকজনের কাছে আটক হয়েছে। এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে চাদাঁবাজির মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছ।

এমআই

আরও খবর

Sponsered content