বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি ডা. শফিকুল ইসলাম বলেছেন, জনগণের রক্তের বিনিময়ে অর্জিত ঐতিহাসিক বিপ্লব কোনো অবস্থাতেই নষ্ট হতে দেওয়া যাবে না।
শনিবার (২৮ মার্চ) বিকেলে সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুল ইসলাম বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত কর্মীদের বহুমুখী যোগ্যতা অর্জন করতে হবে। তিনি অভিযোগ করেন, বিশ্বব্যাপী ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে দাওয়াত পৌঁছানোর সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানান।
জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে গণভিত্তি বাড়ানো জরুরি। মানুষের সমস্যা চিহ্নিত করে তার যৌক্তিক সমাধান এবং সামাজিক কার্যক্রমে সম্পৃক্ততার মাধ্যমে গণভিত্তি গড়ে তোলার বিকল্প নেই।
শিক্ষা শিবিরে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর শেখ নূরুল হুদা, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, প্রভাষক ওবায়দুল্লাহ, প্রভাষক ওমর ফারুক, অধ্যাপক গাজী সুজায়েত আলী, মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম এবং অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।