মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৬ অক্টোবর ২০২৫ , ৮:৪৬:০৪ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম নীতিনির্ধারক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “দেশবাসী নির্বাচনী ট্রেনে উঠে গেছে। নির্বাচন বিলম্বের অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে, জনগণই ভোটের মাধ্যমে পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।”
বুধবার (১৫ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের মানুষ বিএনপিকে আবারও রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, “আমি ধানের শীষের একজন কর্মী—এটাই আমার বড় পরিচয়। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমরা মাঠে আছি, থাকব।”
গণমাধ্যম নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “কিছু সুবিধাভোগী মিডিয়া বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব অপপ্রচার গণমানুষের ভালোবাসা ও সমর্থন দিয়ে প্রতিহত করা হবে।” নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ষড়যন্ত্র ও মিথ্যা প্রপাগান্ডার বিরুদ্ধে সতর্ক থাকুন, সংগঠিত থাকুন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন জোরদার করুন।”
এসময় তিনি দিনাজপুর-৬ আসনের ভোটারদের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, সাংগঠনিক সম্পাদক নূর ইসলাম, নূরে আলম নুরা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব রেজাউর রহমান রেজা, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডা. জাহিদ হোসেন নিয়মিতই দিনাজপুর-৬ আসনের বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলায় গণসংযোগ, উঠান বৈঠক ও কর্মীসভা করে জনপ্রিয়তা অর্জন করছেন বলে স্থানীয় নেতারা জানান। তিনি বলেন, “জনতার ভোটে গণতন্ত্র ফিরিয়ে আনব—জনগণই আমাদের শক্তি।”




















