সারাদেশ

সাতক্ষীরায় বহুতল ভবন নির্মাণে ঝুঁকিতে পুরোনো দোকান, আতঙ্কে ব্যবসায়ীরা

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা  ২ এপ্রিল ২০২৬ , ৬:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ বড়বাজার এলাকায় বহুতল ভবন নির্মাণকে কেন্দ্র করে পাশের পুরোনো দোকানগুলো ঝুঁকির মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, সরকারি ইজারা নিয়ে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে গড়ে ওঠা দোকানগুলোর একেবারে সংলগ্নভাবে নিরাপদ দূরত্ব না রেখে ভবন নির্মাণ করা হচ্ছে। এতে দোকানগুলোর কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের।

দোকান মালিক পলাশ দেবনাথ বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এখানে বৈধভাবে ব্যবসা করে আসছি। কিন্তু পাশেই ভবন নির্মাণের কারণে আমাদের দোকান এখন ঝুঁকিতে পড়েছে। আমরা চাই, নিয়ম মেনে নিরাপদ দূরত্ব রেখে নির্মাণকাজ করা হোক।”

অন্য ব্যবসায়ী মিলন ও ফারুক হোসেন অভিযোগ করেন, ইতোমধ্যে কয়েকটি দোকানের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এভাবে কাজ চলতে থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যা ব্যবসা ও জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

আরেক দোকান মালিক জোহা বলেন, “আমি নিজে ভবন নির্মাণের সময় পাশের জন্য জায়গা রেখেছিলাম। এখন সেই জায়গা দখল হয়ে গেছে। এর একটি ন্যায্য সমাধান চাই।”

এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা চান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিক এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নির্মাণ নিশ্চিত করুক।

অভিযোগের বিষয়ে ভবন নির্মাণকারী ব্যবসায়ী জুলফিকার আলী বলেন, “আমি বৈধভাবে জায়গা কিনে ভবন নির্মাণ করছি। বিষয়টি নিয়ে বসাবসির কথা রয়েছে। এর আগে এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”

স্থানীয়দের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভূমিকম্পসহ যেকোনো দুর্যোগে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

আরও খবর

Sponsered content