বরুণ ব্যানার্জী ,সাতক্ষীরা প্রতিনিধি: ১৭ মার্চ ২০২৬ , ৫:৪৭:১৫ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরায় ৩ শতাধিক শিশুর মুখে ফুটেছে ঈদের হাসি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নতুন পোশাক ও ঈদ সালামি পেয়ে আনন্দে মেতে ওঠে তারা।
শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বন্ধু ফাউন্ডেশন’ বিশেষ চাহিদাসম্পন্ন, এতিম ও দুস্থ পরিবারের শিশুদের হাতে তুলে দেয় নতুন পোশাক।
এই আয়োজনকে ঘিরে সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণ শিশুদের হাসি-আনন্দে উৎসবমুখর হয়ে ওঠে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার ৩০০ শিশুর হাতে ঈদের উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
উপহার পেয়ে এক শিশুর মা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলে সবসময় অন্যদের নতুন জামা দেখে মন খারাপ করত। আজ ওর মুখে যে হাসি দেখলাম, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ। যারা এই আয়োজন করেছে, আল্লাহ তাদের ভালো রাখুক।”
‘আমরা বন্ধু ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ কমিটির আহ্বায়ক সাকিবুল হাসান বলেন, “২০১৫ সাল থেকে আমরা সাতক্ষীরায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছি। প্রতিবছরের মতো এবারও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তবে এবারের আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। একযোগে দুই উপজেলায় ৩০০ শিশুর মাঝে উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।”
শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব শরীফুল্লাহ কায়সার সুমন, আহসান রাজীব, এম বেলাল হোসাইন, জামাল উদ্দীন, গাজী আসাদ, এসএম বিপ্লব হোসেন, বাহলুল করিম, মাহি প্রমুখ।
মানবিক এই উদ্যোগ শুধু উপহার বিতরণেই সীমাবদ্ধ থাকেনি, বরং ভালোবাসা, সহমর্মিতা ও ভাগাভাগির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।




















