সারাদেশ

সাদাপাথরে ব্যবসায়ীর ওপর অস্ত্রধারীদের হামলার অভিযোগ, মামলা দায়ের

  সিলেট প্রতিনিধি: ২৫ মে ২০২৬ , ১১:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন বাজারে এক ব্যবসায়ীর ওপর অস্ত্রধারীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী লিটন মিয়ার বাবা মঙ্গল মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

গত ২০ মে সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় হোসেন মিয়া, রাসেল মিয়া, লিটন মিয়া ও ইয়াহিয়া আহত হন। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, সাদাপাথর পর্যটন ঘাটে নতুন সিঁড়ি নির্মাণস্থলে গাছ কাটাকে কেন্দ্র করে ব্যবসায়ী লিটন মিয়া ও ইয়াহিয়ার মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে লিটনের মালিকানাধীন “আল্লাহর দান আল বেলা রেস্টুরেন্টে” ইয়াহিয়া ও তার সহযোগীরা রড, রামদা, চাকু এবং আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, হামলায় লিটন, হোসেন, রাসেল ও আরও কয়েকজন আহত হন। হামলাকারীরা রেস্টুরেন্টে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে বলেও দাবি করা হয়েছে।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ১০ থেকে ১২ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা রেস্টুরেন্টের চেয়ার, টেবিল, ডেকোরেশন সামগ্রী ও ক্যাশ কাউন্টার ভাঙচুর করে এবং ক্যাশ বক্স থেকে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় লোকজন ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করেন বলে জানা গেছে।

অভিযোগে আরও বলা হয়েছে, আহতদের রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেও পুনরায় হামলার চেষ্টা করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র বলেন,
“অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”

আরও খবর

Sponsered content