নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৩০ মার্চ ২০২৬ , ১২:১০:৪৬ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার ড. মো. যাবের সাদেক চৌধুরী। তার এ পরিদর্শনকে ঘিরে থানাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
রোববার (২৯ মার্চ) দুপুরে তিনি থানায় পৌঁছালে অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করেন। এ সময় থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার ডিউটি অফিস, হাজতখানা, মালখানা, জিডি রুম ও অস্ত্রাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। তিনি নথিপত্র সংরক্ষণ, মামলার অগ্রগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের কাজের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সেবা প্রার্থীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। তিনি জনগণের আস্থা অর্জনে মানবিক ও দায়িত্বশীল আচরণ করার নির্দেশনা দেন।
এছাড়া থানার পরিবেশ পরিচ্ছন্ন রাখা, দ্রুত সেবা প্রদান, অভিযোগ গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে কোম্পানীগঞ্জ থানার অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















