সারাদেশ

বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে জ্বালানি মন্ত্রী

  রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি: ১২ মে ২০২৬ , ৯:২৯:৩১ প্রিন্ট সংস্করণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি মঙ্গলবার (১২ মে) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শন করেন।

সকাল ১০টায় দিনাজপুরে স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় অংশীজনদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেন তিনি।

সভায় বড়পুকুরিয়া কয়লা খনির বর্তমান বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হয়। এর মধ্যে অতিরিক্ত কয়লা মজুদ, অব্যবস্থাপনা এবং বৃষ্টির পানিতে কয়লা ভেসে যাওয়ার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। স্থানীয়দের অভিযোগ, খনির ইয়ার্ডে দীর্ঘদিন ধরে অতিরিক্ত কয়লা পড়ে থাকায় বৃষ্টির পানিতে ভিজে ও ড্রেন দিয়ে ভেসে গিয়ে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে।

মন্ত্রী কয়লা ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, সাশ্রয়ী জ্বালানি নিশ্চিত করতে বড়পুকুরিয়া কয়লা খনিসহ দেশের অন্যান্য জ্বালানি খাতের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় খনিজ সম্পদের ব্যবহার বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ওপরও গুরুত্ব দিতে হবে।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া কয়লা খনি, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনি পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খনি ও বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content