স্টাফ রিপোর্টার বগুড়া ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:১৮:৪০ প্রিন্ট সংস্করণ
বগুড়ার সারিয়াকান্দিতে যৌথ বাহিনীর পৃথক অভিযানে সাড়ে ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি এবং খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার দুর্গম চরাঞ্চল ও পৌর এলাকায় এসব অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর সারিয়াকান্দি আর্মি ক্যাম্পের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের চর সুজালির পাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন তেলিগাড়ী শিমুলতাইড় গ্রামের কদম আলী শেখের ছেলে আশরাফ আলী, ফরিদা খাতুন (৪১) ও রাজিয়া খাতুন (৫৭)।
অন্যদিকে, একই রাতে পৌর এলাকার বালুয়াহাটা এলাকায় পৃথক অভিযানে জিয়াউল হক লিমন (৪০) নামে এক বিএনপি নেতাকে আটক করা হয়। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সারিয়াকান্দি উপজেলা সভাপতি এবং ধাপ গ্রামের ওমর ফারুকের ছেলে। তার কাছ থেকে একটি নকল (খেলনা) পিস্তল ও একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন জানান, পাওনাদারদের ভয় দেখানোর উদ্দেশ্যে তিনি এসব অস্ত্র সঙ্গে রাখতেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার সকালে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।





















