মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ১০:০৩:৫৪ প্রিন্ট সংস্করণ
সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, গাঁজা ও ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ এপ্রিল) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) একাধিক পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের এসব অবৈধ পণ্য জব্দ করে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন মহাসড়কে একটি বিশেষ টহল দল অবস্থান নেয়। বেলা ১১টার দিকে সন্দেহভাজন দুটি ছোট ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে ককপিটের কার্টনের ভেতরে অভিনব কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ির রেনুপোনা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে সেগুলো জব্দ করা হয় এবং পরে কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে নিলামে বিক্রি করা হয়েছে।
এছাড়া একই দিনে সিন্দুরখান বিওপির আওতায় শ্রীমঙ্গল উপজেলার সীমাইলত এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকিয়ে রাখা ভারতীয় অবৈধ ফুচকা জব্দ করা হয়। জব্দকৃত ফুচকা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে পৃথক অভিযানে চিমটিবিল বিওপির খাসপাড়া এলাকা থেকে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে বিজিবি। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে এবং সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।





















