সিলেট প্রতিনিধি: ২৪ এপ্রিল ২০২৬ , ৭:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ
সিলেট বিভাগের চার জেলাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। উজানে ভারতের পাহাড়ি এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ শঙ্কা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। তবে ভুগাই-কংস নদীগুলোর পানি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং নদীগুলো এখনো প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, গত সাত দিনে উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকা ও উজানে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী সাত দিন (২৩ থেকে ৩০ এপ্রিল) এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সময়ে স্থানভেদে ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ফলে সপ্তাহের প্রথম ভাগে নদীর পানি স্থিতিশীল থাকলেও শেষ ভাগে, বিশেষ করে ২৮ এপ্রিলের পর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে কোথাও কোথাও প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে।
এ পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে পাউবো।




















