সারাদেশ

সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৬ , ১২:১১:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবদল কর্মী।

গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় সাদ্দামের অফিস নামক স্থানের সামনে এ ঘটনা ঘটে। নিহত বাপ্পি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মধ্যম মাহদাবাদ এলাকার বাসিন্দা কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে। আহত শাওন একই এলাকার ইউসুফের ছেলে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি যুবদল নেতা সাদ্দামের অফিসের সামনে বাপ্পি ও শাওনকে এলোপাতাড়ি মারধর করছেন। এ সময় তারা নিজেদের রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান।

নিহত বাপ্পির ভাই রহিম খান বাবু জানান, দুর্বৃত্তরা তার ভাই বাপ্পি ও শাওনের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করেন। শাওন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন বলে জানান রহিম খান বাবু।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক জানান, গভীর রাতে স্বজনেরা গুলিবিদ্ধ দুই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এর মধ্যে বাপ্পিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুলিবিদ্ধ অপর যুবক আইসিইউতে চিকিৎসাধীন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মধ্যরাতে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবকের হতাহতের খবর তারা পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content