প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৮:০৭ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম ভরসা মোস্তাফিজুর রহমান। পেস বিভাগকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এ বাঁহাতি পেসার। সম্প্রতি তিনি আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সেখানে বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। ৮ ইনিংসে ৮ ইকোনমিতে তার ঝুলিতে উঠেছে ১৫ উইকেট। সেরা বোলিং ফিগার ৩/৩৪। দুবাইকে প্লে-অফে তুলতে বড় ভূমিকা রাখা মোস্তাফিজের চলছে বন্দনা। বিপিএলের জন্য তিনি দেশে ফিরে এসেছেন। চলমান টুর্নামেন্টে তিনি রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন। সিলেটে মোস্তাফিজকে পেয়ে নানান বিষয়ে প্রশ্ন করেছেন গণমাধ্যমকর্মীরা। তবে বরাবরের মতো ‘ছোট’ করে উত্তর দিয়েছেন তিনি। সাকিব-তাসকিনদের বিপক্ষে আরব আমিরাতে খেলে কি বাংলাদেশের মতো পরিবেশ মনে হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে মোস্তাফিজ বলেন, ‘সবাই থাকলে তো… জাতীয় দলের শুধু দুই-তিনজন ক্রিকেটার নয়। সব সময় আরও বেশি ক্রিকেটার বিদেশের লিগে থাকলে তো ভালোই লাগে।’ মোস্তাফিজ জানান, তিনি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, ভালো। সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করি।’ আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি খেলার সময় মোস্তাফিজের সঙ্গে দেখা হয়েছিল জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের। তার সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে এক কথায় বলেন, ‘এমনিই’।














