জাতীয়

স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল ইসি: পর্যবেক্ষকদের জন্য নতুন নির্দেশনা

  নিজস্ব প্রতিবেদক: ২৫ নভেম্বর ২০২৫ , ২:৪৩:৫০ প্রিন্ট সংস্করণ


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে দিনব্যাপী সংলাপে স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মঙ্গলবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতিকে “একটি সুন্দর, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন” উপহার দিতে চান তারা।

সংলাপের শুরুতেই সিইসি জানান, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোতে চায়। তিনি বলেন, নির্বাচন কমিশন একা ভালো নির্বাচন আয়োজন করতে পারবে না; এজন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর সক্রিয়, দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা প্রয়োজন। তিনি পর্যবেক্ষকদের উদ্দেশে বলেন, “আপনাদের কাজ পর্যবেক্ষণ করা—হস্তক্ষেপ করা নয়। অনিয়ম দেখলে তা নথিভুক্ত করবেন, সেটিই আপনাদের প্রধান দায়িত্ব।”


সংলাপের দ্বিতীয় পর্বে সিইসি জানান, চলতি বছর পর্যবেক্ষকদের বয়সসীমা কমিয়ে ২১ বছর করা হয়েছে। ফলে নতুনদের প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন এবং আইন সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া অত্যন্ত জরুরি। তিনি সতর্ক করে বলেন, “নতুন পর্যবেক্ষকদের ভুল সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, তাই প্রশিক্ষণের বিষয়টি সংগঠনগুলোকেই গুরুত্ব দিয়ে দেখাতে হবে।”


সিইসি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। “লোকজন রাজনীতিতে জড়ালে সবকিছু ক্ষতিগ্রস্ত হবে,”—বলেন তিনি। ভোটার যে এলাকার, সেই এলাকায় তাকে পর্যবেক্ষণে যুক্ত হতে দেওয়া হবে না—এই নীতিও তিনি পুনর্ব্যক্ত করেন।


নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অতীতের নেতিবাচক অভিজ্ঞতার পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য কঠোর তদারকি থাকবে। ভুয়া পরিচয় রোধে পর্যবেক্ষকদের পরিচয়পত্রে কিউআর কোড যুক্ত করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, শিডিউল ঘোষণার ১০ দিনের মধ্যেই পর্যবেক্ষকদের তালিকা জমা দিতে হবে। ব্যক্তিগতভাবে কেউ ফ্রিল্যান্স পর্যবেক্ষক হিসেবে মাঠে থাকতে পারবেন না। সাংবাদিকদের কেন্দ্র প্রবেশেও নির্দিষ্ট প্রটোকল মানতে হবে।

সংলাপের শেষ দিকে সিইসি আবারও বলেন, ইসির লক্ষ্য একটাই—“জাতিকে একটি গ্রহণযোগ্য, সুন্দর এবং স্বচ্ছ নির্বাচন উপহার দেওয়া।” আর এই লক্ষ্য অর্জনে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

আরও খবর

Sponsered content