খেলাধুলা

হংকং সিক্সেসে অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৩:০৪:২১ প্রিন্ট সংস্করণ

অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ। হংকং সিক্সেসে কোয়ার্টার ফাইনালে টাইগারদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ২ উইকেটে রেকর্ড ১৪৯ রান তোলে তারা। জবাবে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানে থামে আকবর আলীর দল।

এর আগে শ্রীলঙ্কাকে ১৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আশা ছিল এবারও ভালো কিছু করবে। তবে টুর্নামেন্টের প্রথম কোয়ার্টারেই অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। এ হারের ফলে টাইগাররা নেমে গেছে প্লেট পর্বে। রোববার প্লেট সেমিফাইনালে খেলবে তারা; প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দেন অজি ব্যাটাররা। মাত্র ৬ ওভারে গুণে গুণে ২১টি ছক্কা হাঁকান তারা! ৮ ছক্কায় ১৪ বলে ৫১ রান করে বাধ্যতামূলক অবসরে যান বেন ম্যাকডারমট। উইলিয়াম বসিস্টো ৬ বলে ৫ ছক্কায় করেন ৩০ রান। অধিনায়ক অ্যালেক্স রসের ব্যাট থেকে আসে ১১ বলে ৫০ রান, যেখানে ছিল ২ চার ও ৭ ছক্কা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৯ রানের মাথায় ৪ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন রকিবুল হাসান ও আবু হায়দার রনি। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৬০ রান। রকিবুল ১০ বলে ২৫ (১ চার, ৩ ছক্কা) করে আউট হন। শেষ দিকে লড়াই চালিয়ে যান রনি; তার ব্যাট থেকে আসে ১৮ বলে ৫০ রান (২ চার, ৭ ছক্কা)।

তবু সেই লড়াই যথেষ্ট ছিল না— শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আরও খবর

Sponsered content