সারাদেশ

হাকিমপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৯ মে ২০২৬ , ৬:০৬:১৬ প্রিন্ট সংস্করণ

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ কর্মসূচির সূচনা করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা এবং সেবা প্রত্যাশীরা অংশ নেন।
র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন, হাকিমপুর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান। তিনি বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন আগের তুলনায় আরও দ্রুত ও সহজে সেবা পাচ্ছেন, যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, হাকিমপুর পৌর তহসিলদার জিল্লুর রহমান এবং উপজেলা ভূমি অফিসের সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ গোলাম মোক্তাদির রহমান খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে সাধারণ মানুষ এক ছাদের নিচে বিভিন্ন ভূমি সেবা গ্রহণের সুযোগ পাবেন। নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে প্রদান করা সম্ভব হবে বলে তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, ভূমি সেবাকে ডিজিটালাইজেশনের মাধ্যমে আরও জনবান্ধব করতে সরকার কাজ করছে। এতে করে সেবাগ্রহীতাদের সময়, অর্থ ও ভোগান্তি কমবে এবং দালালমুক্ত সেবা নিশ্চিত হবে।
বক্তারা সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা নিতে দালালচক্র এড়িয়ে সরাসরি উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।
উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগামী তিন দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, সেবা প্রদান কার্যক্রম এবং প্রচারণা চালানো হবে বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস।

আরও খবর

Sponsered content