মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৫ , ১০:০০:২৯ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন না করায় ছয়টি দোকানকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে হিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের বিভিন্ন মুদি দোকান ও খাদ্যপণ্যের বিক্রয়কেন্দ্র তদারকি করা হয়। এসময় কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ ও বিক্রির পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়।
সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। খাদ্যে ভেজাল, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্য তালিকা প্রদর্শন না করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
অভিযানের সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, নিয়মিত মনিটরিংয়ের ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীদেরও নিয়ম মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করছে।




















