প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ৭:০০:৪৪ প্রিন্ট সংস্করণ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার রাতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে রাখা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ইন্সটিটিউটের পরিচালক আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, হাদির মরদেহ এখানে রাখার ব্যাপারে আপাতত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তারা আমাদের বলার পর আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে।
বিজিবি ও পুলিশ হৃদরোগ ইন্সটিটিউটে নিরাপত্তা জোরদার করেছে।
এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বিমানবন্দর থেকে সর্ব সাধারণের সম্মান প্রদর্শনের জন্য হাদির মরদেহঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।
হাদির মরদেহবহনকারী গাড়িটি বিমানবন্দর ৮নম্বর গেইট থেকে বের হয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে হাতিরঝিলের সড়কে উঠবে। এরপর এফডিসির পাশের রাস্তার দিয়ে মগবাজার হয়ে হাই কোর্ট ও দোয়েলচত্বর এবং টিএসসির পাশ দিয়ে ঢাকা বিশ্বববিদ্যায়লের কেন্দ্রীয় মসজিদে পৌঁছাবে।
শনিবার বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসমান শরিফ হাদি। তার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।’
ওসমান হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




















