জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ চুক্তি সই হতে পারে, তিস্তা নিয়ে হবে আলোচনা

  প্রতিনিধি ২০ জুন ২০২৬ , ৩:৪৪:২৭ প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৭ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুইটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর সফরে সমন্বীত নদী ব্যবস্থাপনা নিয়ে বিস্তৃত আলোচনার মধ্যে তিস্তা মহাপরিকল্পা ইস্যু আছে জানিয়ে আসাদ আলম সিয়াম বলেন, ‘সমন্বীত নদী ব্যবস্থাপনা একটা আলোচনার বিষয়। আমি ধারণা করি, সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। তিস্তা আলোচনা হবে, আমরা তুলব। এ ছাড়া, অন্যান্য নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা বিস্তৃত হবে।’

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হলেও এ সফরে এ সংক্রান্ত কোনো সমঝোতা স্মারক সই হবে না বলেও জানান তিনি।

বিনিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী চীন সফরকালে দেশটির বিভিন্ন বেসরকারিখাতের নেতারা সাক্ষাৎ করবেন। বিনিয়োগ ফোরাম হবে। আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাইব।’

সফরসূচী অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সোমবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে পাঁচ দিনের সফরে চীনে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী ২৩ জুন সারা দিন এবং ২৪ জুন মধ্যাহ্নভোজের আগপর্যন্ত দালিয়ানে ব্যস্ত সময় কাটাবেন। ‘সামার ডাভোস’ হিসেবে পরিচিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে তিনি সেখানে অবস্থান করবেন। ২৩ জুন বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালোইস জুইনজি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও খবর

Sponsered content