প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:০৫:৫২ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের বঙ্গোপসাগরে ৩টি মাছ ধরার ট্রলার ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনি নামের এক ট্রলারের মাঝি গুলিবিদ্ধ হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে বঙ্গোপসাগরে কুতুবদিয়া চ্যানেলে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ট্রলারগুলোতে থাকা ৩০ জন মাঝিমাল্লা জলদস্যুর হামলায় আহত হয়।
আক্রান্ত তিনটি মাছ ধরার ট্রলারের মাঝিমাল্লাদের বাড়ি আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নে গহিরা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, জলদস্যুর কবলে পরা ৩টি ট্রলারের মালিক হলো পূর্ব গহিরা এলাকার মো. জসিম কোম্পানি, মো. হেফাজ কোম্পানি ও মো. কাশেম কোম্পানি। গুলিবিদ্ধ মনি মাঝিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মাঝিমাল্লাদের ভাষ্যমতে, জলদস্যুগুলো বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী এলাকার। ট্রলারে থাকা সব মাঝিমাল্লাদের মারাত্বকভাবে মারধর করে, এবং প্রয়োজনীয় মালামাল লুটপাট করে নিয়ে যায় জলদস্যুরা।
সিফাত নামের একজন জানান, আজ ভোরে সেহরির সময় সাগরে তিনটি মাছ ধরার ট্রলার জলদস্যুর কবলে পড়ে। এসময় জলদস্যুররা মাছ জালসহ দুইটি ট্রলারের ইঞ্জিন খুলে নিয়ে যায়। একটি ট্রলার সকালে উপকূলে আসে। আর দুইটি উপকূলে টেনে আনা হচ্ছে। ট্রলারগুলোর মাঝিমাল্লারা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সাঙ্গু নৌ পুলিশ ফাঁড়ির অফিসার কাইছার বলেন, ‘বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকায় জলদস্যুর হামলায় আনোয়ারা উপজেলার তিনটি মাছ ধরার ট্রলারের মাঝিমাল্লারা আহত হয়। তার মধ্যে একজন গুলিবিদ্ধ আছে। খবর পাওয়ার বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।’














