জাতীয়

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

  প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৯:১২:২৪ প্রিন্ট সংস্করণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হামজনিত এবং চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ৯০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন আরও ৮৭৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে ৬৬৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৪ জন। ফলে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৮ জনে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১১ হাজার ৪৮০ জনে। তাদের মধ্যে ১৩ হাজার ৫০০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৯০ হাজার ৬০৫ জন।

আরও খবর

Sponsered content