প্রচ্ছদ » প্রচ্ছদ » শেরপুরে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলে আহত
শেরপুরে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: বাবা-ছেলে আহত
মাসুম বিল্লাহ ২৬ মে ২০২৫ , ১০:৩০:১৪প্রিন্ট
সংস্করণ
oplus_131072
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের সরকারি রাস্তা দখল ও আবাসিক বাড়ি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন সায়েদ আলী (৫৫) ও তার ছেলে সুলতান মাহমুদ (৩০) ।
আহতদের মধ্যে সায়েদ আলীকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে বাদি হয়ে সুলতান মাহমুদ একটি লিখিত অভিযোগ দায়ের করে ।
অভিযোগ সূত্রে জানা গেছে, একই গ্রামের আব্দুল্লাহ, রব্বানী, ফুয়াদ, হাফিজুর, রুবা খাতুন, আনোয়ারা বেওয়াসহ আরও ৪-৫ জন মিলে সরকারি রাস্তা দখল করে বালু ভরাট করে আবাসিক ঘর নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় জনতা ও ছাত্রসমাজ তাদের বাধা দিলে তারা সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সার্ভেয়ারের মাধ্যমে জমি পরিমাপ করে ওই স্থানে ২০ ফুট সরকারি রাস্তা রয়েছে। এরপর থেকে সেখান দিয়ে নিয়মিত মানুষ চলাফেরা করে।
হঠাৎ করে গত ২৬ মে সোমবার সকাল ৭টার দিকে বিবাদীরা লাঠি, রড, হাসুয়া ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণ কাজ শুরু করে। সেখানে সুলতান মাহমুদ ও তার বাবা বাধা দিতে গেলে তাদের মারধর করে। এ সময় সুলতানের পকেটে থাকা ব্যবসার জন্য রাখা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠে। এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে সুলতানের বাবা সায়েদ আলীর মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।