প্রচ্ছদ

শেহজাদ খান বীরের জন্য স্মৃতিময় সফর: দুই বছর পর আবারও সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে শাকিব খান

  বিনোদন প্রতিবেদক ২৬ জুলাই ২০২৫ , ১১:৪১:১৯ প্রিন্ট সংস্করণ

 

ঢাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার শাকিব খান দুই বছর আগে বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাতে গিয়েছিলেন। এবার পালা ছোট ছেলে শেহজাদ খান বীরের। শাকিব খান ও শবনম বুবলির সন্তান শেহজাদ কিছুদিনের জন্য বাবার সঙ্গে সময় কাটাবে নিউইয়র্কে।

জানা গেছে, চলতি জুলাই মাসের শেষ দিকে ব্যক্তিগত কাজের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তার সঙ্গেই থাকছে ছেলে শেহজাদ খান বীর। অন্যদিকে, গত কিছুদিন ধরে নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। ফলে একসঙ্গে কিছু সময় কাটাতে পারবে বাবা-ছেলে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, “কাজের ব্যস্ততায় সন্তানদের খুব একটা সময় দেওয়া হয়ে ওঠে না। তবে এবার শেহজাদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সুযোগ এসেছে। আমি চাই, তার মনে যেন কিছু স্মরণীয় স্মৃতি থেকে যায়। সবার কাছে আমি তারকা হতে পারি, কিন্তু ওদের কাছে আমি একজন বাবা। আমার ভালোবাসা, শক্তি আর প্রেরণার নামই হলো আব্রাম আর শেহজাদ।”

প্রসঙ্গত, ২০২২ সালের মাঝামাঝি সময়ে বড় ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণে যান শাকিব খান ও তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস। নিউইয়র্ক, নায়াগ্রা ও অন্যান্য শহর ঘুরে ছেলের জন্য স্মৃতিময় অভিজ্ঞতা তৈরি করেছিলেন এই নায়ক। এবার সেই ধারাবাহিকতায় ছোট ছেলে শেহজাদকেও একইরকম মুহূর্ত উপহার দিতে চান তিনি।

শাকিব খান আগামী আগস্টের মাঝামাঝি দেশে ফিরবেন বলে জানা গেছে। আর শবনম বুবলি ও শেহজাদ দেশে ফিরবেন অক্টোবর মাসে।

ছোট্ট শেহজাদের জন্য এটি হতে যাচ্ছে জীবনের প্রথম বিদেশ সফর ও বাবার সঙ্গে একান্ত সময় কাটানোর এক অসাধারণ সুযোগ।

আরও খবর

Sponsered content