প্রচ্ছদ

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, চরপার্বতী ইউনিয়নে নেমেছে শোকের ছায়া

  নোয়াখালী প্রতিনিধি ২৭ জুলাই ২০২৫ , ১:২২:২৬ প্রিন্ট সংস্করণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে আপন দুই জেটাতো-চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রবিউল লালের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু দুটি হলো—চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউল লালের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা একে অপরের ঘনিষ্ঠ আত্মীয় এবং নিয়মিত একসঙ্গে খেলা করত।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই পরিবারে নারী সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকায় শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ করেই তারা সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে জাল ফেলে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হৃদরোগ কনসালটেন্ট ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, “দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাদের ভাষ্য অনুযায়ী, পানিতে ডুবে শিশু দুটির মৃত্যু হয়েছে।”

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশু দুটির মৃত্যু এলাকাবাসীর হৃদয় ভেঙে দিয়েছে। তারা প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক ব্যবস্থা নেওয়ার।

আরও খবর

Sponsered content