জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি ৩০ আগস্ট ২০২৫ , ১২:০১:০৩ প্রিন্ট সংস্করণ
ফেনীতে ৬ বছরের শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী সদর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি হয়। এতে সভাপতিত্ব করেন সদর পূর্ব শাখার সভাপতি পারভেজ হোসাইন শান্ত এবং সঞ্চালনা করেন সদর পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন জায়েদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী।
বক্তারা বলেন, ফেনীর সাম্প্রতিক শিশু হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনায় দেশব্যাপী ক্ষোভ তৈরি হয়েছে। ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের মতো অপরাধ এখন মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন কোথাও না কোথাও মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।
মুহাম্মাদ নাদের চৌধুরী বলেন, “আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এর মধ্যে ২১টি একক ধর্ষণ এবং ১৮টি দলবদ্ধ ধর্ষণ। অপরাধপ্রবণতা রোধে দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে।”
মাওলানা আলাউদ্দিন সাবেরী বলেন, “আগে ছিল আছিয়া, আজ শোভা—পরবর্তীতে আবার কে? মিডিয়ায় আলোচিত হলেও হাজারো আছিয়া শিরোনামে আসে না। অপরাধীরা শাস্তি পায় না বলেই নতুন ঘটনা ঘটছে। তাই দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আলাউদ্দিন সাবেরী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম শোয়াইব, সদর পশ্চিম শাখার সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
মিছিলটি ফেনী জহিরিয়া মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশে পরিণত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।














