প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৫ , ৭:৫৪:১৮ প্রিন্ট সংস্করণ
নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আশ্বস্ত হয়েছে বলে জানালেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলে তার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘নির্বাচন নিয়ে সংশয় থাকলেও তফসিল ঘোষণা আমাদের আশ্বস্ত করেছে।’
ইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এখন ইসির প্রধান দায়িত্ব। এটি নিশ্চিত করা ছাড়া নির্বাচন অর্থবহ করার সুযোগ নেই।’
অতীতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘অতীতে দেখা গেছে নির্বাচনের আগে অনেক বিষয়ে আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আশা করব, আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। জুলাই সনদ বাস্তবায়নে একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে।




















