মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৫ , ৭:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌজপুর বাজারে এক জমজমাট পথসভায় নিজেদের প্রার্থী হিসেবে তুলে ধরলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত এ পথসভায় স্থানীয় ব্যবসায়ী, যুবসমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাজার এলাকা পরিণত হয় জনসমুদ্রে। চারপাশজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, “জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়েই আমি কাজ করবো এলাকার উন্নয়ন, অধিকার আদায় এবং সাধারণ মানুষের কল্যাণে।” তিনি আরও আশ্বাস দেন, মাধবপুরবাসীর প্রত্যাশা পূরণে এবং অবহেলিত জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তিনি সবসময় মাঠে থাকবেন।
পথসভা চলাকালীন তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সম্ভাব্য সমাধানের প্রতিশ্রুতি দেন।
উপস্থিত ব্যবসায়ীরা জানান, এমন নেতৃত্বই তারা চান—যারা জনগণের কথা শোনেন, পাশে থাকেন এবং বাস্তবসম্মত সমাধানের পথ দেখান। এক ব্যবসায়ী বলেন, “আমিনুল ভাই শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের পরিবারের একজন। তার মতো সৎ ও নিষ্ঠাবান মানুষকে আমরা আগামী নির্বাচনে আমাদের পাশে দেখতে চাই।”
সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
পথসভা শেষে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অ্যাডভোকেট আমিনুল ইসলামের প্রতি অগাধ ভালোবাসা ও সমর্থন জানিয়ে তাকে আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই পথসভা শুধু একটি রাজনৈতিক কর্মসূচিই নয়, বরং জনগণের প্রত্যাশা, নেতৃত্বের প্রতি বিশ্বাস এবং উন্নয়নমুখী রাজনীতির প্রতিচ্ছবি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত মাধবপুরে এ ধরনের গণজোয়ার দলের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।




















