জাহিদ হাসান চৌধুরী, ফেনী প্রতিনিধি: ৭ নভেম্বর ২০২৫ , ৪:৫৬:১২ প্রিন্ট সংস্করণ
দলীয় মনোনয়ন না পেয়ে অভিনব প্রতিবাদের পথ বেছে নিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ফেনীর এক ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ চাওয়ার মতো হাত তুলে প্রতিবাদ জানান। পরে সেই মুহূর্তের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
জানা গেছে, আলাল উদ্দিন আলাল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম ছিল না।
মনোনয়ন বঞ্চনার পর আলাল প্রতীকী প্রতিবাদ হিসেবে ধানক্ষেতে গিয়ে রিভিউ চাওয়ার মতো ভঙ্গিতে ছবি তোলেন। পরে ফেসবুকে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “নো ক্যাপশন।”
ছবিটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে। ফারুক আহম্মেদ নামে এক ব্যবহারকারী লিখেছেন, “আপনার এই ব্যতিক্রমী এবং অসাধারণ আবেদনকে স্যালুট জানাই।”
আবুল হাসনাত লিখেছেন, “অসাধারণ প্রতিবাদ, একেবারে প্রাণবন্ত।”
আরেকজন, বাপ্পা খন্দকার মন্তব্য করেছেন, “অসাধারণ মস্তিষ্ক প্রিয় আলাল ভাইয়ের।”
সামন চৌধুরী লিখেছেন, “আপনার ছবিটাই ক্যাপশন।”
সাফিম রহমান লেখেন, “ছবি যখন কথা বলে, তখন ক্যাপশনের দরকার পড়ে না।”
নেটিজেনদের অনেকে এই অভিনব প্রতিবাদকে “সুস্থ রাজনীতির ভিন্নধর্মী প্রকাশ” হিসেবে আখ্যা দিয়েছেন।
আলালের ঘনিষ্ঠজনরা জানান, তিনি দীর্ঘদিন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং দমন-পীড়নের সময়ও দলীয় আদেশ পালন করেছেন। বহু হামলা-মামলার শিকার হওয়া সত্ত্বেও সংগঠনের প্রতি নিষ্ঠাবান ছিলেন। তাই তার কাছে মনোনয়ন প্রত্যাশা স্বাভাবিক ছিল। যেখানে অনেক মনোনয়নবঞ্চিত নেতা ক্ষোভে বিক্ষোভ বা অবরোধের পথ বেছে নিয়েছেন, সেখানে আলালের এই শান্তিপূর্ণ ও রসাত্মক প্রতিবাদ প্রশংসা কুড়িয়েছে।
বিষয়টি জানতে চাইলে আলাল উদ্দিন আলাল বলেন, “ফেনী একসময় জয়নাল হাজারীর সময় ‘লেবানন’ নামে পরিচিত ছিল, পরে নিজাম হাজারীর সময় ‘ফেনী স্টাইল’ নামে পরিচিত হয়। এখন আমরা একটি পরিবর্তিত যুগে এসে প্রতিবাদের ভাষায় ভিন্নতা এনেছি। ফেনীর মানুষ ভিন্ন ভাবেও প্রতিবাদ জানাতে পারে।”
তিনি আরও বলেন, “আগামী প্রজন্ম জানুক, প্রতিবাদের ভাষা সবসময় রাস্তায় নেমে নয়—ভাবনাতেও হতে পারে। আমি চাই এই প্রতীকি প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা (রিভিউ) করা হোক, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমান যেন বিষয়টি পুনরায় দেখেন।”
প্রসঙ্গত, বিএনপি ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী—
ফেনী-১ আসনে (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) ধানের শীষ প্রতীকে লড়বেন বেগম খালেদা জিয়া,
ফেনী-২ আসনে (সদর উপজেলা) লড়বেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি,
এবং ফেনী-৩ আসনে (সোনাগাজী ও দাগনভূঞা) প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।




















