ঠাকুরগাঁও প্রতিনিধি 10 November 2025 , 4:42:04 প্রিন্ট সংস্করণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা। কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না। কারণ নৌকার মূল মাঝি সবাইকে ফেলে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন।”
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদরের বড়দ্বেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌকার সমর্থক ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ধানের শীষ আপনাদের সঙ্গে আছে। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না।”
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “দেশের জনগণ পিআর বুঝে না, তবুও আট দল সেটি চাপিয়ে দিতে চাচ্ছে। গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর চেষ্টাও চলছে। আগে ভোটে জিতুন, তারপর পিআর বাস্তবায়ন করুন—জোর করে চাপিয়ে দিলে সেটা আমরা মানবো না।”
এর আগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, “যারা ১৯৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আঁতাত করে মা-বোনদের নির্যাতন করেছিলেন, তারা এখন দেশটাকে গিলে খেতে চায়। এ দেশের মানুষ তাদের সঙ্গে কোনো আপস করবে না।”
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল।














