সজিব উদ্দিন হেলাল, স্টাফ রিপোর্টার:: ১৯ নভেম্বর ২০২৫ , ৬:৪২:১২ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদারে মৌলভীবাজার জেলা বিএনপি এক বিশেষ সভার আয়োজন করেছে। বুধবার সকাল সাড়ে ১১টায় শহরের বেঙ্গল কনফারেন্স হলে জেলার সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট ১২টি ইউনিটের সুপার ফাইভ নেতাদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।
জেলা বিএনপির আহ্বায়ক ময়ূন জানান, জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে দলীয় ইউনিটগুলোকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান জোরদার, কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন এবং নির্বাচনী প্রস্তুতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, মোয়াজ্জেম হোসেন মাতুক, মিজানুর রহমান মিজান, আনিসুজ্জামান বায়েস, স্বাগত কিশোর দাস চৌধুরীসহ বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা।
সভায় আরও উপস্থিত ছিলেন এডভোকেট সুনীল কুমার দাশ, বকসি মিসবাহ উর রহমান, ফখরুল ইসলাম, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুসহ জেলা–পৌরসভার নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, সদস্য সংগ্রহ অভিযান আরও দ্রুত এগিয়ে নিতে যেসব ইউনিট এখনো সদস্যপদ বই সংগ্রহ করেনি, তাদের অবিলম্বে সদস্য অন্তর্ভুক্তির কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় সেন্টার কমিটি গঠন, ঘরে ঘরে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ এবং মাঠপর্যায়ে যোগাযোগ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “বিজয় নিশ্চিত করতে দলীয় প্রার্থীরা মান–অভিমান ভুলে সব নেতাকর্মীর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। ঐক্য ছাড়া এ নির্বাচনে জয় অসম্ভব।”
বক্তারা বলেন, নির্বাচনের আগে তৃণমূলকে সুসংগঠিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। জেলার প্রতিটি ইউনিটের কর্মীদের প্রস্তুতি ও উদ্দীপনাই নির্বাচনী লড়াইয়ের ফল নির্ধারণ করবে।
নেতারা আশা প্রকাশ করেন, এ বিশেষ বৈঠক মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















