বগুড়া প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৫ , ১:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এক মায়ের ঝুলন্ত দেহ এবং তার দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মাঝিড়া এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।
স্থানীয়দের বরাতে ওসি জানান, প্রতিদিনের মতো সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। ঘরের দরজা বন্ধ দেখে স্বজনরা ডাকাডাকি করতে থাকেন। পরে দরজা খোলার পর তারা দেখেন—মা ঝুলন্ত অবস্থায় রয়েছেন, আর বিছানায় পড়ে আছে দুই শিশুর গলাকাটা মরদেহ। এ দৃশ্য দেখে চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে জমায়েত হন। খবর পেয়ে পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।
পুলিশ মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ওসি শফিকুল ইসলাম বলেন, “মায়ের মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে—তা ময়নাতদন্ত ও তদন্ত শেষেই জানা যাবে। এই মুহূর্তে অনুমান বা মন্তব্য করা ঠিক হবে না।”
ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা বলছেন, পরিবারে কখনো বিরোধ বা বড় কোনো সমস্যা ছিল না, তাই এমন ঘটনার কারণ বুঝে উঠতে পারছেন না কেউই। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ ও তদন্ত শুরু করেছে।




















