সারাদেশ

চুনারুঘাটে ড্রাইভার মরতুজ হত্যা: নৃশংস খুনের প্রতিবাদে মানববন্ধন

  চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ ২৬ নভেম্বর ২০২৫ , ১২:২৯:৫১ প্রিন্ট সংস্করণ

চুনারুঘাট মধ্যবাজারে নৃশংসভাবে খুন হওয়া মোঃ আব্দুর রহিম মরতুজ ড্রাইভারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ট্রাক–সিএনজি শ্রমিক, পরিবহন মালিক, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫ খ্রি.) বিকালে শুরু হওয়া মানববন্ধনে কয়েক শতাধিক নারী–পুরুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায়।

মানববন্ধনে চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম ও পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দাবি জানাই—জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে বিচার নিশ্চিত করা হোক।”
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী বলেন, “মানুষ আজ রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে। অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
এছাড়া বিএনপি নেতা আব্দুল মতিন সরকার, শ্রমিক নেতা লোকমানসহ অন্যান্য বক্তারা বলেন, “একজন পরিশ্রমী শ্রমিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ধরনের জঘন্য অপরাধকারীদের সর্বোচ্চ শাস্তি ছাড়া অন্য কোনো বিচার গ্রহণযোগ্য নয়।”

মানববন্ধনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত ছিল নিহত মরতুজ ড্রাইভারের মেয়ের বক্তব্য। কান্নাজড়িত কণ্ঠে সে বলে, “আমার বাবা ছিলেন আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। তাকে হত্যা করে আমাদের নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমরা বিচার চাই—বাবার খুনিদের ফাঁসি চাই।”

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মৃদুল কুমার জানান, “ঘটনার সঙ্গে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অজ্ঞাত আরও তিন–চারজন আসামি রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই সবাই আইনের আওতায় আসবে।”

এদিকে নিহত মরতুজ ড্রাইভারের সহকর্মীরা জানান—দ্রুত বিচার নিশ্চিত না হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

আরও খবর

Sponsered content