সারাদেশ

সিলেট রেড ক্রিসেন্ট নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ভিপি মাহবুবের ঐতিহাসিক জয়

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৩০ নভেম্বর ২০২৫ , ৭:২৫:৫৬ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের (২০২৫–২০২৭) কার্যকরী কমিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন সিলেট ল’ কলেজের সাবেক ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরপরই উচ্ছ্বসিত মাহবুবুল হক চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আবেগঘন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি বলেন, “বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আজীবন সংগ্রাম করেছেন, সেই প্রিয় নেত্রীর সুস্থতা কামনায় আমরা সবাই একত্রিত হয়েছি। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন।”

নির্বাচনে সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম। সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ মামুন সামন।

বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিপি মাহবুব ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অনেকেই অসুস্থ শরীর নিয়ে লাঠি ভর করে কেন্দ্রে এসেছেন—তাদের এই ভালোবাসা ও ত্যাগ বৃথা যেতে দেব না। আমাদের প্রতি যে বিশ্বাস দেখানো হয়েছে, আমরা সে আস্থা রক্ষা করব।”

তিনি আরও বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন—এই প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রূপে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা মানবতার সেবায় কাজ করে দেখাব যে, জনআস্থার জায়গা পুনর্গঠন সম্ভব।”

ভিপি মাহবুবের এই বিজয়কে সিলেটের রেড ক্রিসেন্ট মহলে নবপ্রজন্মের উদ্যমী নেতৃত্বের উত্থান হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহল আশা করছে, নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি মানবতার সেবায় আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।

আরও খবর

Sponsered content