শিক্ষা ও শিক্ষাঙ্গন

ঢাবির অধ্যাপক আতাউর রহমান মারা গেছেন

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৫:৫৮:৪৮ প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আতাউর রহমান বিশ্বাস জুলাইয়ে আন্দোলনের সময়ে আত্মপ্রকাশ করা জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ (ইউটিএল) এর আহ্বায়কের দায়িত্বেও ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উপাচার্য বলেন, ‘শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে তিনি অনন্য অবদান রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

উপাচার্য মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content