মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১১:১০:৩৪ প্রিন্ট সংস্করণ
নওগাঁ জেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীকে বাঁচাতে সামাজিক ও প্রশাসনিকভাবে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। গত বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি নদীটির ইতিহাস, বর্তমান সংকট এবং রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
পোস্টে এসপি তারিকুল ইসলাম লেখেন, ছোট যমুনা নদী শুধু নওগাঁ নয়, উত্তরাঞ্চলের বহু মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উৎপত্তি হয়ে এ নদী দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলার ভেতর দিয়ে প্রায় ৫৬ কিলোমিটার পথ অতিক্রম করেছে। একসময় এই নদীপথ ছিল যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসাবাণিজ্যের প্রধান নির্ভরতা। স্থানীয় অর্থনীতির বিকাশেও নদীটির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীটি তার স্বাভাবিক রূপ হারাতে বসেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বিচারে ময়লা–আবর্জনা ফেলা, শহরাঞ্চলের বর্জ্য নদীতে ফেলা, শিল্পবর্জ্য নিঃসরণ, পলি জমে নাব্যতা হ্রাস, নদীর বিভিন্ন অংশ দখল করে স্থাপনা নির্মাণসহ নানা কারণে ছোট যমুনা আজ মারাত্মক সংকটে। নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুধু পরিবেশ নয়, জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়েছে। অনেক স্থানে নদীটি শুকিয়ে খাল–ডোবায় পরিণত হয়েছে, যা ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও কৃষিকাজেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও লিখেছেন, “নদী একটি দেশের রক্তনালীর মতো—এটি সুস্থ থাকলে দেশের প্রকৃতি, পরিবেশ ও অর্থনীতি সক্রিয় থাকে। আধুনিক প্রযুক্তি কিংবা সড়ক যোগাযোগ যতই উন্নত হোক, নদীর গুরুত্ব কখনোই কমে না।”
এসপি তারিকুল ইসলাম প্রশাসন, স্থানীয় জনসাধারণ, সামাজিক সংগঠন, পরিবেশকর্মী এবং তরুণদের এগিয়ে এসে নদী রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
নদী দখলমুক্ত করা, নিয়মিত বর্জ্য অপসারণ, জনসচেতনতা বৃদ্ধি, নদী পুনঃখনন এবং তীরের পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নিলে ছোট যমুনা আবারও তার আগের প্রাণচঞ্চল রূপ ফিরে পেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষে তিনি সবাইকে ছোট যমুনা বাঁচাতে সচেতনতা তৈরি, নদীর প্রতি দায়িত্বশীল আচরণ এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানান। তাঁর ভাষায়, “নদী বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে আমরা সবাই বাঁচব।”




















