সারাদেশ

সাতক্ষীরার হোটেল প্যারাডাইস থেকে যুবকের মরদেহ উদ্ধার

  শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৮:১৮ প্রিন্ট সংস্করণ

 

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস (আবাসিক) থেকে সুমন কুমার (৪৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হোটেলের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমন কুমার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পোড়াবাড়ী গ্রামের পরিমল চন্দ্র দাসের ছেলে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আলী বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

হোটেল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টার পর সুমন কুমার হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। শনিবার রাত ৮টার দিকে ভাড়া তোলার জন্য বারবার দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া–শব্দ পাওয়া যায়নি। এতে তাঁদের সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখা যায়, সুমন কুমার বিছানায় পড়েছিলেন নিথর অবস্থায়। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের আলোকেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

Sponsered content