আব্দুল আলীম প্রামানিক , গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৬:৫৭ প্রিন্ট সংস্করণ
রংপুর জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান গঙ্গাচড়া উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং এ কাজে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার গঙ্গাচড়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে তা সমাধানে জেলা প্রশাসকের বিশেষ হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক উপস্থিত সবার মতামত মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১২ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। তাঁর এ উদ্যোগ অংশগ্রহণকারীদের মধ্যে প্রশংসার সৃষ্টি করে।





















