তানভীর সরদার , স্টাফ রিপোর্টার ৪ জানুয়ারি ২০২৬ , ১০:৪৫:০০ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার (রাত ১টা) ঝিনাইদহ–কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামের জাফর মিয়ার ছেলে ট্রাকের হেলপার মুবারক হোসেন (২০) এবং একই গ্রামের আবুল কালাম শেখের ছেলে ট্রাকচালক সোহেল শেখ (২৭)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার রাতে যশোর থেকে ডাল বোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশে রওনা দেয়। রাত আনুমানিক ১টার দিকে ট্রাকটি বড়দাহ পুরাতন সেতুর ওপর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।
যশোর অঞ্চলের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। ভোরে হেলপার মুবারক হোসেনের মরদেহ উদ্ধার করা হয় এবং সকাল ৮টার দিকে ট্রাকচালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ঘটনাস্থল পরিদর্শন করেন।




















