মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১১ জানুয়ারি ২০২৬ , ৯:৫২:১৩ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের টঙ্গীতে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মামুন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল রোববার ভোররাত পৌনে চারটার দিকে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকার মিরার বাড়িতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর সরকারবাড়ি রোডে সাবেক কাউন্সিলর শাহ আলম রিপনের বাসার আরেক ভাড়াটিয়া সুজনের কক্ষে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ওই কক্ষের সিলিংয়ের ওপর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন খান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন।
রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ।
গ্রেপ্তারকৃত মামুন লালমনিরহাট জেলার সদর উপজেলার খোটামারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামুন একজন অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় অবস্থান করছিল—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা অস্ত্র থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত মামুনকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।




















