সারাদেশ

রাবিতে জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে ছাত্রদলের মানববন্ধন

  মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১৯ জানুয়ারি ২০২৬ , ৫:৪৮:০৬ প্রিন্ট সংস্করণ


রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেছেন, বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) আম্মারের মানসিক চিকিৎসা নিশ্চিত করতে উপাচার্যকে ২৪ ঘণ্টার সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে বিষয়টি প্রশাসনের দায়িত্বহীনতা হিসেবে গণ্য করা হবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে রাবি শাখা ছাত্রদলের উদ্যোগে জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারেক রহমানের নামে টাঙানো একটি ব্যানার ছেঁড়ার ঘটনায় জিএস আম্মারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে একাত্মতা পোষণ করে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নেছার উদ্দীন তালুকদার বলেন,
“ক্যাম্পাসে আমাদের দলের নেতার নামে টাঙানো শুভেচ্ছাবার্তার ব্যানার ছেঁড়ে ফেলা হয়েছে, যা দুঃখজনক। প্রশাসনের কাছে অনুরোধ করছি, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হোক।”

মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ও হল শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content