সারাদেশ

নীলফামারীতে আওয়ামী লীগের ‘সন্ত্রাসীদের’ গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  জহুরুল ইসলাম-নীলফামারী : ২৬ জানুয়ারি ২০২৬ , ৫:৫২:০৩ প্রিন্ট সংস্করণ


পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে জুলাই বিপ্লবী ছাত্রজনতা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নীলফামারী বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছাইয়েদুজ্জামান বাবু ও সাইয়েদ গোলাম আজম, যুগ্ম সদস্য সচিব ইমরান শাহ, জাতীয় যুবশক্তির জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ছাত্রনেতা সিরাজুল ইসলাম সোহাগ ও মাহবুব রুবেল প্রমুখ।

বক্তারা বলেন, হত্যা ও গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলার আসামি নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে।

তারা দাবি করেন, অনতিবিলম্বে এসব অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও খবর

Sponsered content