সোহেল খান দূর্জয়, নেত্রকোনা ২৭ জানুয়ারি ২০২৬ , ১১:৪৪:২৭ প্রিন্ট সংস্করণ
নেত্রকোণা জেলার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে দত্ত উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক ও শ্রেণি কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদা আক্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির আহাম্মদ, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম খান পাঠান বাবুল প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একে একে দৌড়, জোড় পায়ে দৌড়, উঁচু লাফ, লম্বা লাফ, দড়ি লাফ, গোলক নিক্ষেপ, ব্যাঙ লাফ, মোরগের লড়াই, গুপ্তধন উদ্ধার, চেয়ার দখল, সুঁইয়ে সূতা পড়ানো ও দ্রুত পোশাক পরিধান প্রতিযোগিতাসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয়।
পরে প্রধান অতিথি এসব প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।




















