বিনোদন

বর্ণবৈষম্যের গল্পে চুমকি

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১২:১২:৩৯ প্রিন্ট সংস্করণ

শ্যামবর্ণ, স্পষ্টবাদী ও আত্মবিশ্বাসী এক নারী জয়া। স্বামী আসিফ ও মেয়ে টুসিকে নিয়ে তার সংসার ভালোই চলছিল। কিন্তু আসিফের বন্ধুবান্ধব ও আত্মীয়দের কটূক্তি সেই শান্ত জীবনে ফাটল ধরায়। তারা জয়ার গায়ের রঙ নিয়ে হাসি ঠাট্টা করতেন।

ধীরে ধীরে বিষয়টি আসিফের মনে প্রভাব ফেলে; নিজের অজান্তেই তিনি দূরে সরে যেতে থাকেন জয়ার কাছ থেকে। সে দূরত্ব শেষ পর্যন্ত আলাদা করে দেয় জয়া-আসিফকে। আর এই বিচ্ছেদে সবচেয়ে বেশি বঞ্চিত হয় তাদের মেয়ে টুসি। মায়ের স্নেহ ছাড়াই তার কেটে যায় ১৩টি বছর। এভাবেই এগিয়েছে ‘জলটুঙি’ টেলিছবির গল্প।

শ্যামবর্ণ এক নারীর প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ আর সেই পরিবারে ভাঙন ধরার গল্প তুলে ধরা হয়েছে টেলিছবিতে। এটিকে বর্ণবৈষম্যের দেয়াল ভাঙার গল্পও বলা যায়। আফরিন জেসিকার রচনায় এটি নির্মাণ করেছেন রহিম সুমন। অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক, ইমামুর রশীদ খান, রতন সিদ্দিকীসহ অনেকে।

‘জলটুঙি’ নিয়ে নির্মাতা রহিম সুমন বলেন, ‘এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য, আছে প্রতিবাদ। এই টেলিছবির মাধ্যমে সমাজে বর্ণবৈষম্য নিয়ে একটি দারুণ বার্তা পাবে দর্শক।’

অনিন্দ্য’র ব্যানারে তৈরি এই টেলিছবির দৃশ্যধারণ হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এটি প্রচার হবে এনটিভিতে।