হৃদয় রায়হান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৯:১৯ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে শাহা জামাল (৫৯) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর এলাকার নাসির ডাক্তারের গলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। চিকিৎসকদের মতে, তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহত শাহা জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের সুবাদে কুষ্টিয়ার পুলিশ লাইনস এলাকার সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলিতে অবস্থিত এই রেল ক্রসিংটিতে কোনো রেলগেট বা গেটম্যান নেই। ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মোটরসাইকেলটি রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ একটি ট্রেন এসে সেটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহা জামালের মৃত্যু হয়। তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই এলাকাবাসী বিক্ষোভ প্রদর্শন করেন এবং অরক্ষিত ওই রেল ক্রসিংয়ে দ্রুত রেলগেট স্থাপন ও গেটম্যান নিয়োগের দাবি জানান।
এ বিষয়ে পোড়াদহ জিআরপি থানা-র উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন জানান, ঘটনাস্থলে রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনের ওপর উঠে পড়ে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেন এসে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং আরেকজন গুরুতর আহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।




















