সারাদেশ

নবাবগঞ্জে নিখোঁজের পর ৭ বছরের শিশুর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:০২:৪৪ প্রিন্ট সংস্করণ

নবাবগঞ্জ উপজেলাতে এক হৃদয়বিদারক ঘটনায় সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমরুল বাড়ি ডাঙ্গাপাড়া মাদ্রাসাসংলগ্ন একটি ভুট্টাখেতের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম সিরাজুল আল সামস (৭)। সে ওই এলাকার বাসিন্দা মমিনুল ইসলামের ছেলে এবং আফতাবগঞ্জ চাইল্ড কেয়ার স্কুল–এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পর শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা মাদ্রাসার পাশের ভুট্টাখেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পরিবারের পক্ষ থেকেও ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content