মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: ১৬ মার্চ ২০২৬ , ৪:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের ওপর সশস্ত্র হামলা ও চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার দুই আসামির দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৬ মার্চ) রাজশাহী মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক মো. আতাউল্লাহ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব পরিচালনার নামে বেশ কিছুদিন ধরে নুরে ইসলাম মিলন ও সুরুজসহ তাদের সহযোগীরা চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে একদল সন্ত্রাসী ক্লাবে হামলা চালায়।
হামলার সময় প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন পিস্তল বের করে প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের মাথায় ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় সুরুজ আলী নামে আরেক হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে তার পেটে আঘাতের চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা প্রতিহত করেন। এতে তার উরুতে গুরুতর জখম হয় এবং তাকে ১৩টি সেলাই দিতে হয়। বর্তমানে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে পরদিন রোববার (৮ মার্চ) বেলা ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী চিফ মেট্রোপলিটন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম জ্যোতিউল ইসলাম সাফি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও প্রধান অভিযুক্ত নুরে ইসলাম মিলন ও সুরুজ আলীকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।





















