জাতীয়

সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না: অর্থমন্ত্রী

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৬ , ৮:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই সরকার একটি জিনিস করবে না, যেটাতে তথ্যের বিভ্রান্তি হয়। ভুল তথ্য এই সরকারের অধীনে হওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ পরিসংখ্যান ব্যুরোকে বলছি, সঠিক তথ্য দিতে, যাতে আমরা কাজ করতে পারি। কারণ সরকার যদি সঠিক তথ্য না পায়, কিসের ভিত্তিতে পলিসি করব?’

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) ‘নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটিজ’ শীর্ষক জাতীয় সম্মেলনের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণের কাছে দেওয়া হয়েছে, বর্তমান সরকার এটা করবে না।

অর্থমন্ত্রী বলেন, তিনি নিজেও কিছু তথ্য যাচাই করেছেন। এর মধ্যে চাল ও মাংসের দাম কমার তথ্যও রয়েছে। সর্বশেষ মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট তথ্য একাধিকবার পর্যালোচনা ও যাচাই করা হয়েছে ।

আমির খসরু বলেন, ‘আমরা তথ্য কয়েকবার যাচাই করেছি এবং বেশ কয়েকটি বৈঠক করেছি। নতুন মূল্যস্ফীতির তথ্য সঠিকভাবেই দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, মূল্যস্ফীতি কিভাবে পরিমাপ ও হিসাব করা হয়- তা নিয়ে ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি কীভাবে পরিমাপ করা হয়, পুরো প্রক্রিয়াটি আপনাদের সামনে তুলে ধরব। তখন আপনারা সরকারের তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রতিশ্রুতি বুঝতে পারবেন এবং এ ধরনের আরও প্রশ্নের উত্তর আমরা দেব।’

আরও খবর

Sponsered content