হৃদয় রায়হান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৫ , ১২:৩৫:২৬ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোল দাগ ক্যানেলপাড়া হাসপাতাল রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম শেখ (১৬) এবং একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আ. রশিদ (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সিয়াম ও রশিদ একটি মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ ও মনি পার্ক এলাকায় ঘোরাফেরা করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ষোল দাগ ক্যানেলপাড়া এলাকায় পৌঁছালে কুষ্টিয়া দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সিয়াম শেখের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।














